প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম
স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রাদুর্ভাব দূর করার লক্ষ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের শনিবারের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ (৩ অক্টোবর) সকালে শহরের ঐতিহ্যবাহী ‘সুলতানা সরোবর’ ও এর সংলগ্ন ড্রেনসমূহে এই অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকাল ১০টায় সুলতানা সরোবর প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ সাইফুদ্দীন।
অভিযানকালে সুলতানা সরোবর এলাকায় প্লাস্টিকের বর্জ্য ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সাথে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে সরোবর সংলগ্ন ড্রেনে জমে থাকা কাদা-পানি পরিষ্কার এবং মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ সাইফুদ্দীন বলেন, “শুধুমাত্র সরকারি উদ্যোগে একটি শহরকে পুরোপুরি পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। পরিচ্ছন্ন ও মশামুক্ত কুড়িগ্রাম গড়তে প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার অব্যাহত থাকবে।”
সুলতানা সরোবর এলাকার বাসিন্দা ও পথচারীরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে এলাকার পরিবেশ যেমন সুন্দর থাকবে, তেমনি মশার উপদ্রব থেকেও শহরবাসী রক্ষা পাবে।
