রবিবার ০৪, অক্টোবর ২০২৬

রবিবার ০৪, অক্টোবর ২০২৬ -- : -- --

চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপন করে ছাত্রদল নেতার প্রতিবাদ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং সড়কে বাতি না থাকায় সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকা থেকে জিরো পয়েন্ট সড়কের বিভিন্ন ভাঙা অংশে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীসহ চবির অর্ধশত শিক্ষার্থীকে এ কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

এ সময় তারা মোমবাতি হাতে সড়কের বিভিন্ন গর্তের পাশে অবস্থান করেন। পরে সড়কের গর্তে গাছের চারা রোপণের মাধ্যমে দ্রুত সংস্কারের দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগের বরাতে ছাত্রদল নেতা সাজ্জাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। পাশাপাশি পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতের বেলায় চলাচলে ভোগান্তি ও নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের। সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও এখনো সংস্কারকাজ শুরু হয়নি। 

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২৫ হাজার শিক্ষার্থী চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো কোনো দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়নি। এ ছাড়া পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে, এটাই আমাদের প্রত্যাশা।’

Link copied!