রবিবার ০৪, অক্টোবর ২০২৬

রবিবার ০৪, অক্টোবর ২০২৬ -- : -- --

৯ ফুট গভীর পরিত্যক্ত কূপ থেকে দাঁড়াশ সাপ উদ্ধার

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

বাহুবলের ৯ ফুট গভীর পরিত্যক্ত কূপ থেকে উদ্ধার করা দাঁড়াশ সাপ।

হবিগঞ্জের বাহুবলে ৯ ফুট গভীর পরিত্যক্ত কূপ থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে জেলার বাহুবল উপজেলার দক্ষিণ রামপুর চা বাগানের (রাধানগর) সজল সাঁওতালের বাড়ির একটি পরিত্যক্ত কূপ থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি প্রায় তিন দিন ধরে ওই কূপে আটকে ছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, কূপে সাপ আটকে থাকার বিষয়টি দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পর জীবন চাষা নামে এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নম্বর সংগ্রহ করে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা নিশ্চিত হন সাপটি একটি নির্বিষ দাঁড়াশ সাপ।

পরে ৯ ফুট গভীর কূপের ভেতরে মই নামিয়ে ভেতরে প্রবেশ করে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানিয়েছে, কোথাও কোনো পশুপাখি আটকে পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিকটস্থ বন বিভাগে অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

Link copied!