প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ কৃতি শিক্ষার্থীকে ‘এ প্লাস’ সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামি ছাত্রশিবির। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৫ আসনের আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, রাবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) ভিপি ও চবি ছাত্রশিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাইদ বিন হাবিব, আবাসন সম্পাদক ইসহাক ভুঁইয়াসহ সংগঠনটির নেতাকর্মীরা।
ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, "শুধু ভালো ফলাফল করলেই জীবনে সফল হওয়া যায় না, এর পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেওয়া, যোগ্যতা অর্জন ও মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। নিজেকে একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। এ+ পাওয়ার পাশাপাশি ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যেমন মনোযোগী হতে হবে, তেমনি নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি অন্য ধর্মের প্রতিও সম্মান দেখাতে হবে। জাতির পরিবর্তন আনতে হলে প্রথমে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য প্রয়োজন একটি ইতিবাচক পরিবেশ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন।"
চট্টগ্রাম-৫ আসনের আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী বলেন, "তোমাদের জীবন অনেক বেশি আলোকময় হোক, এটাই আমাদের প্রত্যাশা। মনে রাখতে হবে, শুধু চাকরি করেই জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না, চাকরি করে হয়তো একজন ভালো কর্মজীবী হওয়া যায়। কিন্তু জীবনে বড় কিছু করতে হলে তোমাদের প্রত্যেককে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। আর মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের সবচেয়ে বড় পথ হলো নিজেকে এমনভাবে গড়ে তোলা, যাতে তোমার কাজের মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়। একজন সফল পেশাজীবী হওয়ার চেয়েও একজন সৎ, দায়িত্বশীল ও সত্যিকারের নাগরিক হয়ে ওঠা অনেক বেশি সম্মানের।"
