শুক্রবার ০২, অক্টোবর ২০২৬

শুক্রবার ০২, অক্টোবর ২০২৬ -- : -- --

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় আইইউবিএটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১–১২০০ এর মধ্যে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২,২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

দেশে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে থাকা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বিশ্বজুড়ে সবচেয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংগুলোর অন্যতম। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান ও সাইটেশন, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা—এই পাঁচটি মূল সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থী-শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থীর হারও এ মূল্যায়নের অংশ।

এ অর্জন শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং বৈশ্বিক সম্পৃক্ততায় আইইউবিএটির ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। প্রায়োগিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণা ও সমাজসম্পৃক্ত কার্যক্রমের ওপর বিশ্ববিদ্যালয়টির গুরুত্বারোপ বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে এ সাফল্যে ভূমিকা রেখেছে।

এ অর্জন প্রসঙ্গে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, "টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড  ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন আইইউবিএটি পরিবারের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই আমরা মানসম্মত শিক্ষা, প্রায়োগিক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে আসছি। বৈশ্বিক এই স্বীকৃতি প্রমাণ করে যে আমাদের পথচলা সঠিক দিকেই রয়েছে। আগামী দিনে গবেষণার পরিধি বাড়ানো, শিল্পখাতের সঙ্গে সংযোগ জোরদার এবং শিক্ষার্থীদের বৈশ্বিকভাবে যোগ্য করে গড়ে তুলতে আমরা কাজ চালিয়ে যাব। বিশ্বমানের একটি প্রতিষ্ঠান হিসেবে আইইউবিএটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শিক্ষার উৎকর্ষ, উদ্ভাবন ও একটি বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আলিমুল্লাহ মিয়ান ১৯৯১ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানীর উত্তরায় সবুজ ক্যাম্পাসে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ব্যবসায় প্রশাসন, কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, নার্সিংসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করছে। দক্ষ, নৈতিক ও বৈশ্বিকভাবে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই আইইউবিএটির লক্ষ্য।

Link copied!