প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে নিয়ে মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে আটটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি থাকবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
মেডিকেল ক্যাম্প আয়োজনের বিষয়ে গত ২০ সেপ্টেম্বর সাজিনাস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় আজ (১ অক্টোবর) চাকসুর স্বাস্থ্য সম্পাদকসহ সংশ্লিষ্টদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ক্যাম্পের আয়োজন, চিকিৎসাসেবার পরিধি এবং শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ক্যাম্পে আটটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেবেন। এর মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষার্থী একই সঙ্গে বিভিন্ন ধরনের চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং জরুরি সময়ে রক্তের সংকট মোকাবিলায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাজিনাস হাসপাতালের একটি চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। চুক্তি সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা বিশেষ ছাড়ে হাসপাতালটির চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেতে পারেন।
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘মেডিকেল ক্যাম্প কোনো স্থায়ী সমাধান নয়। তবে এর মাধ্যমে শিক্ষার্থীরা সাময়িকভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।’
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ও মৌলিক চিকিৎসাসেবা আরও সহজে পেতে পারবেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান মেডিকেল সেন্টারকে হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ও উন্নত চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা গেলে শিক্ষার্থীদের চিকিৎসাসংক্রান্ত সমস্যাগুলো অনেকাংশে কমানো সম্ভব হবে।
