প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
তরুণদের ডিজিটাল সক্ষমতা, সচেতনতা ও অনলাইন পরিসরে সহনশীলতা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘এ ডায়ালগ অন দ্য ইয়ুথ কানেক্ট: ডিজিটাল রেজিলিয়েন্স প্রজেক্ট’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিলের অংশগ্রহণে এ সংলাপের আয়োজন করা হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের ‘Youth Connect’ কর্মসূচি তরুণদের দক্ষতা, আত্মবিশ্বাস ও সংযোগ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলার লক্ষ্যে কাজ করে।
আয়োজকরা জানান, ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে এবং ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের পরিচালনায় ‘ইয়ুথ কানেক্ট: ডিজিটাল রেজিলিয়েন্স প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণধর্মী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
তাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করা হয়েছে।
সংলাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট ম্যাকডোনাল্ড। ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব তথ্যেও স্কট ম্যাকডোনাল্ডকে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্লা, রাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশিদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ডিন এম. সুমন রহমান। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল।
আয়োজকদের সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সংলাপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত প্রকল্পের যৌথ উপস্থাপনা থাকবে। এরপর প্রধান অতিথি স্কট ম্যাকডোনাল্ডসহ অন্যান্য অতিথিরা বক্তব্য দেবেন। সকাল ১০টা ৩৭ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম সমাপনী বক্তব্য দেবেন।
এরপর সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত একই ভবনের চতুর্থ তলায় প্রকৌশল অনুষদের কনফারেন্স কক্ষে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে স্কট ম্যাকডোনাল্ড প্রকল্পে প্রশিক্ষণ নেওয়া নির্বাচিত তরুণ শিক্ষার্থী ও প্রশিক্ষকদের অভিজ্ঞতা শুনবেন। এ পর্বে প্রকল্পের ১০ জন প্রশিক্ষণার্থী ও চারজন প্রশিক্ষক অংশ নেবেন।
