রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
সোমবার ২৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। মনোনীত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ডকপি জমা দিতে হবে।
এ ছাড়া আবেদনকারীদের নিজ স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সব কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের সফটকপি পিডিএফ আকারে নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২-এর জন্য ৭ জন, ২০২৩-এর জন্য ৭ জন, ২০২৪-এর জন্য ৭ জন এবং ২০২৫-এর জন্য ৮ জন শিক্ষার্থীসহ মোট ২৯ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।
২০২২ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা
সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা ও মুজতানিবা জাহান মাশরাকা।
২০২৩ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা
মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী ও তাসনিমা আক্তার।
২০২৪ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা
আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের উর্মি ও মো. মুহিব আহসান চৌধুরী।
২০২৫ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা
সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান, বিদিশা অধিকারী এবং মোছা. ফারিয়া ইয়াসমিন।
এদিকে ইউজিসির প্রধানমন্ত্রী স্বর্ণপদক আবেদন নির্দেশিকায় বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে। ধাপগুলো হলো, স্টুডেন্ট ইনফরমেশন, একাডেমিক পারফরম্যান্স অ্যান্ড অ্যাটাচমেন্টস এবং রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। আবেদনকারীরা চাইলে আবেদনপত্র ড্রাফট আকারে সংরক্ষণ করে পরবর্তীতে তা সম্পন্ন করতে পারবেন।