প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম
গাজীপুর কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় জয় পেয়েছে কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল। গাজীপুর সদর থানা কমিউনিটি পুলিশের দলকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গাজীপুর সদরকে পরাজিত করে কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের দল।
জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কোচ, ম্যানেজার ও খেলোয়াড়েরা পরবর্তী ম্যাচে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ব্যক্ত করেন।
কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দলের কোচের দায়িত্ব পালন করছেন তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমিরুল ইসলাম। দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছেন নাদিমুল ইসলাম।
জয়ের পর কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ এ কে এম ফজলুল হক মিলন।
এ ছাড়া দলের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি মো. হুমায়ুন কবির মাস্টার ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু।
তাঁরা আশা প্রকাশ করেন, পরবর্তী ধাপেও কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।
গাজীপুরে আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের লক্ষ্য তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা।
