প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে।
রাত সোয়া ৯টার দিকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ২৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্যাডেট কলেজের বন্ধু ও ব্যাচমেটদের সঙ্গে ফুটবল খেলছিলেন আশরাফুল আফসার। খেলার একপর্যায়ে তিনি হঠাৎ মাঠে উপুড় হয়ে পড়ে যান।
এ সময় বন্ধুরা তাঁকে ঘিরে ধরেন। কেউ বুকে চাপ দিতে থাকেন, কেউ মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন, আবার কেউ পানি দেন। কিছুক্ষণ পরও তাঁর নড়াচড়া না থাকায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল আফসারের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার দুপুরে জানাজা শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
আশরাফুল আফসারের সহকর্মী ও ব্যাচমেট ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন।
ফরিদা খানম জানান, মৃত্যুর দুই দিন আগে আশরাফুল আফসার তাঁর কার্যালয়ে এসেছিলেন। কাজের ফাঁকে তাঁরা একসঙ্গে দুপুরের খাবার খান। ওই সময় পদোন্নতি না পাওয়ার কষ্টের কথা তিনি শেয়ার করেছিলেন।
ফরিদা খানমের ভাষায়, আশরাফুল আফসার ছিলেন বিনয়ী, দায়িত্বশীল ও সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আশরাফুল আফসারের আকস্মিক মৃত্যু সরকারি কর্মকর্তা, বন্ধু ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
