রবিবার ২৭, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ২৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

‘বে অব বেঙ্গল কনভারসেশনে অংশ নিচ্ছেন মেট্রোপলিটনের দুই শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

জি এম সিফাত ইকবাল । শহিদুর রহমান শাকিব

আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী জি এম সিফাত ইকবাল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী শহিদুর রহমান শাকিব।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিফাত ইকবাল বর্তমানে ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে শহিদুর রহমান শাকিব সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির জয়েন্ট আইটি অ্যান্ড ক্রিয়েটিভ সেক্রেটারি এবং এমইউ সিএসই সোসাইটির ডিজাইন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কঠোর ও প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে— “Navigating Power, Technology and Trust in a World Rewritten”।

সম্মেলনে পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা, ভূরাজনীতি, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় এক হাজার অংশগ্রহণকারী এবং প্রায় ২০০ বক্তা এ সম্মেলনে অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ নেতৃত্ব একত্রিত হয়ে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর এই আন্তর্জাতিক অংশগ্রহণ তাদের বৈশ্বিক জ্ঞান, গবেষণা, প্রযুক্তি ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ ও তরুণ নেতৃত্বের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও পাবেন তারা।

এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এম. রহমান চৌধুরী দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় এবং এটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে সম্পৃক্ততার নতুন সম্ভাবনা তৈরি করবে।

Link copied!