প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মোঃ নূরুল ইসলাম। একই সাথে বর্তমান উপাচার্য ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন (নম্বর: ৩৭.০০.০০০০.০৭৯.১১.০২৩.২২-৬১৬) অনুযায়ী, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদ হতে অব্যাহতি দিয়ে জাবির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্তানুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর তিনি এ পদে বহাল থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।
অপর প্রজ্ঞাপনে (নম্বর: ৩৭.০০.০০০০.০৭৯.১১.০২৩.২২-৬১৫) জানানো হয়, একই আইনের ১১(২) ধারা অনুযায়ী উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানকে দায়িত্ব থেকে অব্যাহতি পূর্বক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক পদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
