প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আজ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে এই বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে বিকাল চারটায় উপাচার্য হিসেবে যোগদান অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম তাঁকে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াতে হবে। জুলাই আন্দোলনে আমরা একতাবদ্ধ ছিলাম। আমাদের প্রতিজ্ঞা ছিল অন্যায়কে প্রতিহত করতে হবে। আমরা সফল হয়েছি। তিনি বলেন, কথা এবং কাজে মিল রাখতে হবে। তাহলে প্রশাসন গতিশীল হবে।
নবনিযুক্ত উপাচার্য তাঁর দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকল অংশীজনের সহযোগিতা প্রত্যাশা করেন। সকলের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি সচেষ্ট থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জসমূহ সদিচ্ছা নিয়ে মোকাবেলা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁর প্রশাসন হবে অন্তর্ভুক্তিমূলক। তিনি সবাইকে নিয়ে কাজ করবেন । তাঁর মেয়াদকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনে নিয়ম নীতি ও ন্যায্যতা অনুসরণ হবে তাঁর দর্শন। শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে তিনি সকল অংশীজনের কাছে সুপরামর্শ ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন। যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ অদম্য ২৪ ও বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
