রবিবার ২৭, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ২৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

দেশসেরা পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় আইইউবিএটি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

ফাইল ফটো

টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-এ বাংলাদেশের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। একই সঙ্গে এশিয়ায় ১১৩তম এবং বিশ্বে ১৯৭তম অবস্থানে জায়গা করে নিয়েছে আইইউবিএটি।

গত ২৪ সেপ্টেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ বছরের র‍্যাংকিং ফলাফল ঘোষণা করা হয়।

র‍্যাংকিংয়ের ১৭তম এ আসরে বিশ্বের ১১০টি দেশের ২ হাজার ১৬টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়, যা ইউআই গ্রিনমেট্রিকের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।

ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া ২০১০ সাল থেকে এ র‍্যাংকিং প্রকাশ করে আসছে। বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশবান্ধব ক্যাম্পাস, টেকসই উন্নয়ন এবং সবুজ উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করাই এ র‍্যাংকিংয়ের মূল উদ্দেশ্য।

এবারের মূল্যায়নে সাতটি প্রধান সূচক বিবেচনা করা হয়েছে। এগুলো হলো— পরিবেশ ও অবকাঠামো, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পরিবহন, শিক্ষা ও গবেষণা এবং শাসনব্যবস্থা ও ডিজিটালায়ন।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তৃতীয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চতুর্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি), পঞ্চম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ষষ্ঠ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং সপ্তম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এই অর্জন প্রসঙ্গে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, “এই স্বীকৃতি আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফল। টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আমরা ভবিষ্যতেও কাজ করে যাব।”

১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের প্রথম দিকের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ানের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ২০০৮ সালে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই ক্যাম্পাস উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

Link copied!