মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ইনজুরির কাছে হার মানলেন মার্ক উড, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

মার্ক উড

দীর্ঘদিনের ইনজুরির সঙ্গে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। ৩৬ বছর বয়সে জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন এই গতিতারকা।

ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৪৬ ইনিংসে বল করে ২৫৩টি উইকেট নিয়েছেন উড। এর মধ্যে ৩৮টি টেস্টে তাঁর শিকার ১১৯ উইকেট। তবে পরিসংখ্যানের পাশাপাশি অসাধারণ গতির জন্যই ক্রিকেটবিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত মার্ক উড। জাতীয় দলের হয়ে তাঁর ক্যারিয়ারে রয়েছে একাধিক বড় অর্জন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। এ ছাড়া ২০১৫ সালে অ্যাশেজ সিরিজও জিতেছেন।

মঙ্গলবার সকালে অবসরের ঘোষণা দেওয়ার পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে উড জানান, গত দেড় বছর ধরে চোটের কারণে ক্রিকেট চালিয়ে যাওয়ার লড়াই তাঁকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরা পর্যায়ে আর ফিরতে পারবেন না—এমন উপলব্ধি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই পেসার।

তবে ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না মার্ক উড। ইংল্যান্ডের জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ডারহামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

 

Link copied!