হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশাগত স্বকীয়তা ও অধিকার রক্ষায় ৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন এবং প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও চিকিৎসকদের পেশাগত মানোন্নয়নে স্লোগান দেন।
শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবিগুলো হলো
১ম দাবি: প্রস্তাবিত 'সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার' পদটি ৯ম গ্রেডে (প্রথম শ্রেণী) উন্নীত করতে হবে এবং এই পদে শুধুমাত্র সরকার স্বীকৃত রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের (পশুচিকিৎসক) নিয়োগ দিতে হবে। কোনোভাবেই নন-ভেটেরিনারি বা ডিপ্লোমাধারীদের এই টেকনিক্যাল পদে পদায়ন করা যাবে না।
২য় দাবি: ক্যাডার কাঠামোর বাইরে গিয়ে নন-ভেটেরিনারিয়ানদের অন্যায্য পদোন্নতি দিয়ে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের কোনো সুযোগ ভবিষ্যতে রাখা যাবে না।
৩য় দাবি: দেশের প্রাণিসম্পদ রক্ষা ও জনস্বাস্থ্য সেবাকে বেগবান করতে প্রতিটি উপজেলায় ৪ জন করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃজন করে সেখানে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড.রাকিবুল ইসলাম বলেন,"সরকার এবং উধ্বর্তন কতৃপক্ষের নিকট আমাদের দাবি থাকবে যে ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার ৯ম গ্রেডে পুনরায় বহাল রাখতে হবে।অথবা নীতিমালা করতে হবে যে, অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদটি ৯ম গ্রেড দিতে হবে এবং রেজিস্ট্রার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ দিতে হবে।"
সমাবেশে বক্তব্য রাখা শিক্ষার্থীরা বলেন, "দীর্ঘ পাঁচ বছর ধরে বিজ্ঞানভিত্তিক ও একাডেমিক উচ্চশিক্ষা গ্রহণের পর যদি টেকনিক্যাল পদগুলোতে নন-ভেটেরিনারিয়ান বা ডিপ্লোমাধারীদের বসানো হয়, তবে দেশের প্রাণিসম্পদ খাত ধ্বংসের মুখে পড়বে। সরকারের উচিত অতি দ্রুত এই যৌক্তিক ৩ দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা।"