প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
শিক্ষার্থীদের মধ্যে জেন্ডার সমতা, লিঙ্গভিত্তিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত তিনদিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেইনস্ট্রিমিং জেন্ডার ইকুয়ালিটি ইন একাডেমিয়া (ম্যাজেন্ডা) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৯ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় বিতর্ক, স্টোরি টেলিং ও ফটোগ্রাফি—এই তিনটি বিভাগে ম্যাজেন্ডা প্রকল্পের ৩৫ জন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রতিটি বিভাগ থেকে তিনজন করে মোট নয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি বলেন, “জেন্ডার বিষয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করতে সচেতনতা ও ইতিবাচক চর্চা প্রয়োজন। ভবিষ্যতে যে পেশাতেই যুক্ত হও না কেন, এ ধরনের অভিজ্ঞতা সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।”
প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত হচ্ছে, যা জেন্ডার সমতা বিষয়ে সচেতন নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
