সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬

সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

মেলায় ১০ উদ্ভাবন প্রদর্শন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ১০টি উদ্ভাবন নিয়ে অংশ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মেলায় অংশ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ দক্ষ ও কর্মসংস্থানমুখী গ্র্যাজুয়েট তৈরিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজের বিদ্যমান নীতিগত ব্যবধান দূর করার আহ্বান জানান।

মেলার প্লিনারি সেশনে তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে এপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ইন্ডাস্ট্রি-ফিট সার্টিফিকেট’ চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশে প্রতিবছর প্রায় সাড়ে সাত লাখ গ্র্যাজুয়েট তৈরি হয়, যার মধ্যে প্রায় পাঁচ লাখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বের হন। ফলে দক্ষ ও কর্মসংস্থানমুখী গ্র্যাজুয়েট তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে পরিবর্তন আনা প্রয়োজন।

STEM শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি নারী শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য আরও বেশি উৎসাহ ও প্রণোদনার ব্যবস্থা করার আহ্বান জানান।

‘ভবিষ্যৎ-প্রস্তুত বাংলাদেশের জন্য STEM: উদ্ভাবনভিত্তিক অর্থনীতির মেরুদণ্ড নির্মাণ’ শীর্ষক প্লিনারি সেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন। সেশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ম তামিমসহ ইউনিসেফ, ইউএনডিপি ও গ্রামীণফোনের প্রতিনিধিরা অংশ নেন।

মেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্টল নম্বর ১১ থেকে ১৫। আগামী ১৪ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত চলা এ মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

Link copied!