প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর গবেষণাপত্র তুরস্কের একটি আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত হয়েছে। গবেষণাপত্রটি সম্মেলনে উপস্থাপনের জন্য তাদের তুরস্কে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত দুই শিক্ষার্থী হলেন রায়হান আহমদ তালুকদার ও নুসরাত জাহান দোহা। তারা দুজনই মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী এবং সিলেট জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। রায়হান মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আইনবিষয়ক সম্পাদক এবং দোহা সংগঠনটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুলে ‘আন্তর্জাতিক আইন ও সামাজিক বিজ্ঞান সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সম্মেলনে রায়হান আহমদ তালুকদার ও নুসরাত জাহান দোহা ‘অপরাধ ও শাস্তি বোঝাপড়া: নীতিগত প্রভাবসহ অপরাধবিজ্ঞান ও দণ্ডবিজ্ঞানের একটি আন্তঃবিষয়ক বিশ্লেষণ’ শীর্ষক গবেষণাপত্র জমা দেন।
বিচারকদের মূল্যায়নের পর গবেষণাপত্রটি সম্মেলনের জন্য গৃহীত হয়। একই সঙ্গে গবেষণাটি সরাসরি উপস্থাপনের জন্য রায়হান ও দোহাকে তুরস্কে আমন্ত্রণ জানানো হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্যের জন্য দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী। তারা দুই শিক্ষার্থীর গবেষণার এ সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বলে উল্লেখ করেন।
