শুক্রবার ২৮, আগস্ট ২০২৬

শুক্রবার ২৮, আগস্ট ২০২৬ -- : -- --

নাগাসাকি দিবস স্মরণে ঢাবিতে শান্তি র‍্যালি ও সেমিনার

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম

নাগাসাকি দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শান্তি র‍্যালি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঐতিহাসিক নাগাসাকি দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শান্তি র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং জাপানের মেট্রো প্লাস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জাপান থেকে আগত অতিথিরা অংশ নেন।

সেমিনারের আগে আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে একটি শান্তি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

এর আগে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘রিফ্লেক্টিং অন পিস থ্রু দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অব নাগাসাকি’ শীর্ষক সেমিনার।

সেমিনারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এবং এর ঠিক পরের সময়ে নাগাসাকি কীভাবে চরম দুর্ভোগের শিকার হয়েছিল, সেই বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি ধ্বংসযজ্ঞের পর নাগাসাকি কীভাবে ধীরে ধীরে একটি উন্নত ও সুন্দর শহরে পরিণত হয়েছে, সে বিষয়েও আলোচনা করা হয়।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন ইনস্টিটিউটের প্রভাষক আনিকা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ ছাড়া ঢাকাস্থ জাপান দূতাবাসের কালচালার সেকশনের প্রধান মি. ইয় আওইয়াগি, মেট্রো প্লাস কোম্পানির চেয়ারম্যান মি. তাকাশি কাওয়াসাকি উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তা হিসেবে অংশ নেন মেট্রো প্লাস কোম্পানির প্রেসিডেন্ট মিজ আইয়াকো কাওয়াসাকি এবং ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।

পরে অনুষ্ঠানে ১ম জাপানি ভাষা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সুমি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মেট্রো আইটি এন্ড জাপানিজ ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের মো. শাহী আহমেদ ও মারিয়া তাসনিম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপান ফাউন্ডেশনের বিশেষজ্ঞ মি. তোমোয়ুকি ফুকুই, মেট্রো আইটির মি. ইয়োশিও ইসোযাকি, মিজ তাকিকো হোনদা এবং বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মি. বিপুল চন্দ্র দেবনাথ, প্রভাষক শাহরিন মোস্তফা সৃষ্টিসহ আরও অনেকে।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় এবং ৯ আগস্ট নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমার ভয়াবহ ধ্বংসযজ্ঞের স্মরণে যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকি দিবস পালন করা হয়।

Link copied!