নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:২০ পিএম
শুক্রবার ২৮, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য যাচাই-বাছাই করতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্তক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, জুন ২০১৫ থেকে মে ২০২৬ পর্যন্ত সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নয়ন, আর্থিক এবং প্রশাসনিক ক্ষেত্রে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য যাচাই-বাছাই করে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নোবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন নোবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ও নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি।
কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নোবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একাধিক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়োগগুলো যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এবার রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগ, পদোন্নতি, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিষয়ে প্রতিবেদন দেবে। তবে অফিস আদেশে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।