প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংগঠনের সভাপতি নূরআহসান মৃদুল ও সাধারণ সম্পাদক ইবতেসাম শান্ত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর, হেনস্তা এবং ধারণ করা ভিডিও মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ ওঠে।
অভিযোগকারী সাংবাদিক আতিকুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য এবং বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তাঁর অভিযোগ, ঘটনাস্থলে ভিডিও ধারণের সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী তাঁকে ঘিরে ধরেন এবং ভিডিও ধারণের কারণ জানতে চান। পরে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁকে ভিডিও মুছে ফেলতে বাধ্য করা হয় এবং মারধর করা হয়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান সংগঠনটির নেতারা।
