পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভাস্কর চন্দ্র রায়
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম
বুধবার ২৬, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
‘নিজেকে জানাই জ্ঞানের প্রকৃত সূচনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে তৃতীয়বারের মতো পর্দা উঠতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।
আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুরু হয়ে তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দলের বিতার্কিকদের নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ডিন অফিসের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বির্তার্কিক অংশগ্রহন করবেন । এছাড়া এবারই প্রথম স্কুল, কলেজ শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে এ আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা জানান, যুক্তি, জ্ঞান ও মুক্তচিন্তার চর্চাকে আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের মাধ্যমে নিজেদের জানার ও মতপ্রকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রউফ বলেন, আমাদের কাছে বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের প্রশ্ন করতে, যুক্তির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরতে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখায়। এবারের আয়োজনে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি দল অংশগ্রহণ করছে। দেশের বিভিন্ন প্রান্তের বিতার্কিকদের অংশগ্রহণে এ উৎসব যুক্তি, জ্ঞান ও মুক্তচিন্তার চর্চাকে আরও সমৃদ্ধ করবে। ভবিষ্যতে পাবনা শহরের গণ্ডি পেরিয়ে সারা দেশে এ ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা রয়েছে।
সাধারণ সম্পাদক মুবাশ্বিরা গালিবা তন্বী বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বরাবরই শিক্ষার্থীদের মুক্তচিন্তা, মতবিনিময় ও ব্যক্তিত্ব বিকাশে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনের মাধ্যমে পাবনার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যেও বিতর্ক ও মুক্তচিন্তার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাবনার মতো জায়গায় জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজন করা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পৃষ্ঠপোষক, স্পন্সর ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় আমরা আয়োজনটি সফলভাবে করতে সক্ষম হবো।
উল্লেখ্য,তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন ধাপে বিতর্ক অনুষ্ঠিত হবে। আগামী ২৯ আগস্ট চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে। এবারের প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন পাবিপ্রবি প্রেসক্লাব, যুগান্তর ও যমুনা টিভি।