মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম
শুক্রবার ২৮, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
দলীয় আধিপত্য ও পদ বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধ ও দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকেই ৫ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।
এ ঘটনায় কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ। তিনি মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক।
মামলার বাদী তামিম আহমদ বলেন, এনসিপির পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামিরা তাঁর কাছে চাঁদা দাবি করেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাঁদের ওপর হামলা করা হয়।
কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ৫ জনকে শুক্রবার (২৮ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর বাজার এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।