শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১১:০৮ পিএম
শুক্রবার ২১, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ কর্মশালা আগামী ২১ ও ২২ আগস্টও দিনব্যাপী চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি নোমান ফয়সাল।
কর্মশালার প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন পিআইবির ফ্যাক্টচেকার, বুম বাংলাদেশের প্রতিনিধি ও এআই বিশেষজ্ঞ তাওসিফ আকবর। কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।