শুক্রবার ২১, আগস্ট ২০২৬

শুক্রবার ২১, আগস্ট ২০২৬ -- : -- --

চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাসের’ বৃক্ষরোপণ কর্মসূচি

চবি থেকে মোতাহের উদ্দীন

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১১:১৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর উদ্যোগে ‘ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ২.০’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও আলাওল হল প্রাঙ্গণ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। ‘শত হাতে, সহস্র চারা’ ও ‘Plant A Tree, Grow A Future’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশপ্রেমী ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. চৌধুরী মনিরুল হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে। আমরা আশা করি, আমাদের শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের সঙ্গে আরও সম্পৃক্ত হবে। আমরা সবাই মিলে একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব।”

আয়োজক সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন বিভাগের সদস্যরা কর্মসূচিটি বাস্তবায়ন করেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ কমানো ও ক্যাম্পাসের তাপমাত্রা নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের মতো ধারাবাহিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। একটি টেকসই ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করা প্রয়োজন।

কর্মসূচি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। পাশাপাশি এসব কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সব অংশীজনকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

Link copied!