মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --

তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাবির ইয়াসিন আরাফাত বিজয়

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

রাবির ইয়াসিন আরাফাত বিজয়

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬–২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়াকে মনোনীত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবু সাকিব মো. নাজমুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা কলেজের রাকিব হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. ইয়াসিন আরাফাত বিজয় এবং সহসাংগঠনিক সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. আসাদুল হক আসাদ।

এ ছাড়া অর্থ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান শাকিব, উপ-অর্থ সম্পাদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হুরনি মদিনা লিসা, দপ্তর সম্পাদক ইডেন মহিলা কলেজের জান্নাতুল মুশরাত জেবিন, উপদপ্তর সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. জাহিদ হাসান, আইনবিষয়ক সম্পাদক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. রেদোয়ান এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশিক খান।

সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক হয়েছেন ঢাকা কলেজের মেহেদী হাসান, প্রচার সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আফিয়া আলম, উপপ্রচার সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মো. রনি চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ নুর হোসেন নয়ন।

সম্পাদকীয় পর্ষদের সদস্য হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেহরাব হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাফরুহা তাসনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া আক্তার এবং ঢাকা কলেজের মো. হাসিবুল হাসান হিমেল।

নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তারুণ্যনির্ভর বৃহৎ বুদ্ধিবৃত্তিক সংগঠন। তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে গঠনমূলক লেখালেখিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘নতুন লেখক তৈরি, লেখার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তরুণ লেখকদের এই বুদ্ধিবৃত্তিক লড়াইকে আরও বেগবান করতে সাবেক ও বর্তমান দায়িত্বশীল, সাংবাদিক-কলামিস্ট এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা চাই।’

সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া বলেন, দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় তরুণদের একটি সুসংগঠিত বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের আওতায় এনে তাঁদের মেধা ও চিন্তাশক্তিকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘একটি সচেতন ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের চিন্তা, কলম ও মেধার কোনো বিকল্প নেই। তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে রূপান্তর করে একটি জ্ঞানসমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত বিজয় বলেন, নতুন দায়িত্ব তাঁর কাছে আনন্দের পাশাপাশি বড় দায়িত্বেরও। দেশের সম্ভাবনাময় তরুণদের মেধা, চিন্তা ও লেখনীকে সংগঠিত করে ইতিবাচক পরিবর্তনে কাজে লাগাতে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয়। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা এবং লেখালেখিবিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে সংগঠনটি। বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করতে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে।

Link copied!