মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম
শনিবার ১৫, আগস্ট ২০২৬ -- : -- --
সংগৃহীত
চলতি অর্থবছরের মধ্যেই সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ— স্থানীয় সরকারের এই পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার ১৪ আগস্ট সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ ও মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এই নির্বাচনগুলো আয়োজনে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে। জাতীয় সংসদে অনুমোদিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই এ অর্থের সংকুলান রাখা হয়েছে।
তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে এবং স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জনপদ। এই পর্যটনকেন্দ্রকে ঘিরে চলমান উন্নয়ন কার্যক্রম এবং নতুন উদ্যোগ সরেজমিনে দেখতেই তিনি শ্রীমঙ্গল সফরে এসেছেন।
তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে এলাকার সমস্যাগুলো শুনেছেন। বৃহত্তর সিলেটের জন্য প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে মৌলভীবাজার জেলার জন্য বরাদ্দ রয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। এই বরাদ্দে সর্বোচ্চ গুরুত্ব পাবে শ্রীমঙ্গল— বিশেষ করে পর্যটন এলাকার সড়কগুলো প্রশস্ত ও সম্প্রসারণ করে চলাচলের উপযোগী করে তোলা হবে।
এর আগে তিনি রাধানগর-মহাজিরাবাদ সড়কের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন।
ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাঠটি ঘিরে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠের একটি পাশে সিনিয়র সিটিজেনদের জন্য মনোরম পরিবেশ গড়ে তোলা হবে।
পরে তিনি পাশের শিশু উদ্যান পরিদর্শন করেন এবং উদ্যানটি আধুনিকায়নের ঘোষণা দেন। শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের উপযোগী করে উদ্যানটিকে আরও সুন্দর ও আধুনিকভাবে গড়ে তোলা হবে। সেখানে বয়স্কসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য ওয়াকওয়ে ও শিশুদের খেলাধুলার সামগ্রী স্থাপন করা হবে।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ হরিজন পল্লীতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ৭ তলাবিশিষ্ট আবাসন ভবনের কাজ পরিদর্শন করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী পর্যায়ক্রমে সব সরকারি ভবনকে সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুতের আওতায় আনা হবে। স্থানীয় সরকারের অধীন সব প্রতিষ্ঠানকে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের আওতায় আনা হবে।
এরপর তিনি শ্রীমঙ্গল পৌরসভার কলেজ রোড এলাকার ময়লার ভাগাড় পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী জানান, শহর থেকে কিছুটা দূরে, পরিবেশের ক্ষতি হবে না এমন নিরাপদ সরকারি জায়গায় ময়লার ভাগাড়টি স্থানান্তর করা হবে। বিদ্যমান বর্জ্য সরিয়ে সেখানে একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে, যেখান থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকবে।
সফরকালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল জামে মসজিদে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন এবং পুরো মসজিদকে সোলার পাওয়ারের আওতায় আনার ঘোষণা দেন। এ সময় তিনি মসজিদটির একটি ইসলামিক নামকরণের জন্য মসজিদ কমিটিকে অনুরোধ জানান। পরে ইমামের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।