প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে ‘‘বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান” শীর্ষক কর্মসূচি আজ ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার উপাচার্যের বাসভবন সংলগ্ন মল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী ও পবিবেশ সংসদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম আবু রাফি বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ মোকাবিলায় বেশি করে দেশীয় প্রজাতির গাছ রোপণের উপর গুরুতারোপ করে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি সবুজ ও পরিচ্ছন্ন আদর্শ ক্যাম্পাসে পরিণত করা সম্ভব।
উল্লেখ্য, আলোচনা পর্ব শেষে মল চত্বরে একটি বৈলাম গাছ এবং উপাচার্যের বাসভবন চত্বরে একটি দেশীয় লটকন গাছের চারা রোপণ করা হয়।
