শনিবার ১৫, আগস্ট ২০২৬

শনিবার ১৫, আগস্ট ২০২৬ -- : -- --

ঢাবিতে সিনো বাংলা ডে, থাকছে ৪৩০ চাকরির সুযোগ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

একটি আয়োজনে মিলবে চাকরির সুযোগ, চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময়ের অভিজ্ঞতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ‘সিনো বাংলা ডে ২০২৬’ এ শিক্ষার্থীদের জন্য থাকছে ৪৩০টি চাকরির পদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মোট ৪৩০টি চাকরির পদ রয়েছে। আগ্রহী চাকরিপ্রত্যাশীরা সরাসরি এসব প্রতিষ্ঠানে নিজেদের সিভি জমা দিতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে চাকরির সুযোগ ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানার সুযোগ থাকবে। জমা দেওয়া সিভির ভিত্তিতে প্রাথমিক বাছাইও করা হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

আগামী ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসিতে এ আয়োজন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

চাকরির সুযোগের পাশাপাশি ‘সিনো বাংলা ডে ২০২৬’ এ থাকছে বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময়ের নানা আয়োজন। এতে দুই দেশের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা, লায়ন ড্যান্স, তাই চি এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ ছাড়া থাকবে ‘China-Bangladesh Food Zone’। সেখানে চীনা ও বাংলাদেশি বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার কেনার সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘Sino-Bangla Friendship Scholarship & Bursary Award Ceremony’। এতে চীনা ভাষা শিক্ষায় কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হবে।

চাকরি, শিক্ষা, সংস্কৃতি ও দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের সুযোগকে কেন্দ্র করে এবারের ‘সিনো বাংলা ডে’ শিক্ষার্থী ও তরুণদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।

Link copied!