শনিবার ১৫, আগস্ট ২০২৬

শনিবার ১৫, আগস্ট ২০২৬ -- : -- --

বিদায় রাকিব-নাছির কমিটি : নতুন নেতৃত্বের অপেক্ষায় ছাত্রদল

স্বর্ণক শাহী

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪১ এএম

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাৎ করার পর নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ সাক্ষাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায় সম্পন্ন হয়েছে। ফলে যেকোনো সময় ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।

সাক্ষাতে উপস্থিত দুজনের মতে, বর্তমান কমিটির বিদায় উপলক্ষেই মূলত এ আয়োজন করা হয়। এরপর নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এদিকে বিদায়ী সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব সাক্ষাতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে দায়িত্ব পালনের সময় কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

২০২৪ সালের ১ মার্চ মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। দুই বছর মেয়াদি এই কমিটির মেয়াদ চলতি বছরের মার্চে শেষ হয়।

এরপর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে ছাত্রদলের ভেতরে-বাইরে আলোচনা চলছিল। বর্তমান কমিটির বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় সেই আলোচনা এখন নতুন মাত্রা পেয়েছে।

নতুন নেতৃত্বের আলোচনায় যারা

নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন খোরশেদ আলম সোহেল, মো. আমানউল্লাহ আমান, মঞ্জুরুল আলম রিয়াদ, মোস্তাফিজুর রহমান (ভিপি), এইচ এম আবু জাফর, আরিফুল ইসলাম আরিফ, মমিনুল ইসলাম জিসান, এজাজুল কবির রুয়েল, শরীফ প্রধান শুভ ও মাছুম বিল্লাহ।

এ ছাড়া গণেশ চন্দ্র রায় সাহস, আনিসুর রহমান খন্দকার অনিক, তরিকুল ইসলাম তারিক, মো. আসাদুজ্জামান রিংকু, নাহিদুজ্জামান শিপন, নাছির উদ্দীন শাওন, মো. রাজু আহামেদ, গাজী মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ আব্দুর রহিম রনি, তারেক হাসান মামুন, মিনহাজ আহমেদ প্রিন্স, মাহমুদ ইসলাম কাজল ও দ্বীন ইসলাম খান-এর নামও আলোচনায় রয়েছে।

তবে নতুন কমিটিতে শেষ পর্যন্ত কারা জায়গা পাচ্ছেন, তা নির্ভর করছে বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। ফলে ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণার দিকে এখন নজর সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের।

Link copied!