মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ফুটবলে চ্যাম্পিয়ন কলা অনুষদ

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

চ্যাম্পিয়ন কলা অনুষদ

‎‎‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহিদ স্মরণে আয়োজিত আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে কলা অনুষদ। সোমবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্যবসায় প্রশাসন অনুষদকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।

‎ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জুলাই একটি দিবস, জুলাই একটি অর্জন। জুলাই আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা এবং ইতিহাসের একটি সোনালী অধ্যায়। এই জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আয়োজন।’

‎তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট। দিবসটি উদ্‌যাপনের জন্য আমরা ৪ আগস্ট মন্ত্রণালয় থেকে পত্র পাই। ফলে খুব অল্প সময়ের মধ্যে এসব আয়োজন করতে হয়েছে।’

‎উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ কোনো দলই পরাজিত হয়নি। কলা অনুষদ বিজয়ী আর ব্যবসায় প্রশাসন অনুষদ জয়ী। কারণ ব্যবসায় প্রশাসন অনুষদ ফাইনালে হারলেও অন্য দলগুলোকে পরাজিত করেই তারা ফাইনালে এসেছে।’

‎বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আন্তঃবিভাগীয় প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করে বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী দল গঠন করতে হবে, যাতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ভালো ফল করা যায়। পাশাপাশি কেন্দ্রীয় খেলার মাঠকে নিয়মিত খেলাধুলার মাধ্যমে উৎসবমুখর রাখার আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সদ্য সাবেক ডিন ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান।

‎প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছয়টি ছাত্রদল অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে গত ২ আগস্ট প্রতিযোগিতার উদ্বোধন হয়। ৫ আগস্ট একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্তে ফাইনাল ও পুরস্কার বিতরণের তারিখ পরিবর্তন করা হয়। ‎এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদ্‌যাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করে। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

Link copied!