নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৬:৫৪ এএম
মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-কে বাদ দিয়ে পুনরায় ম্যানেজিং কমিটি হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরবর্তীতে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘টাকা না মেধা? মেধা মেধা’, ‘মামা না মেধা? মেধা মেধা’, ‘কমিটি না মেধা? মেধা মেধা’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার’—সহ নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের এই সিদ্ধান্তকে চরম অযৌক্তিক ও শিক্ষাব্যবস্থায় দুর্নীতির দুয়ার খুলে দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।
এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানের সঞ্চালনায় এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সমাবেশে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বুলবুল ফাহিম বলেন, ‘আপনারা প্রত্যেকটা জিনিস নিজেদের দখলে নিচ্ছেন দলীয়করণ করছেন। এখন শিক্ষক নিয়োগ নিয়ে যে অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন, সেটা শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নিবে না। শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে বলেছেন আমরা চুড়ান্ত সিদ্ধান্ত নেয় নাই তাহলে কি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন জাতির কাছে স্পষ্ট করেন।’
এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও নোবিপ্রবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘আমরা বলতে চাই, শিক্ষক নিয়োগ কোনো ছেলেখেলা নয়। শিক্ষকরাই আগামী দিনের প্রজন্ম তৈরি করবেন। তাই শিক্ষক কোনো মানুষের কাছে ধর্না দেবেন না। শিক্ষক নিয়োগ হতে হবে মেধার ভিত্তিতে। আমরা অতীতে দেখেছি, এই ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগে দলীয় স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অনিয়মের ছড়াছড়ি হয়েছে। তারা আবার মেধাবী শিক্ষার্থীদের সেই রাজনৈতিক প্রটোকলের মধ্যে আবদ্ধ করতে যাচ্ছে। বর্তমান সরকার একটি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখনো সময় আছে এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসুন। না হলে ২০২৪ সালে ছাত্র-জনতা যে গণজোয়ার তৈরি করেছিল, আবারও সামনে গণজোয়ার তৈরি হবে, ইনশাআল্লাহ। কারণ ২০২৪-এর প্রজন্ম এখনো জীবিত আছে।’
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগে আর সুপারিশ করতে পারবে না এনটিআরসিএ। নতুন নিয়ম অনুযায়ী এ নিয়োগ ক্ষমতা দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে। গত ৩ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।