প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১১:০২ পিএম
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন ও ফার্মেসি বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ইমেরিটাস এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী ও ভূরাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের শুধু ভালো ছাত্র হলেই হবে না, ভালো মানুষও হতে হবে। ভালো ছাত্র হয়েও যদি দেশ ও জাতির কোনো উপকারে আসতে না পারো, তাহলে সেই ভালো ছাত্র হওয়ার কোনো মূল্য নেই।”
তিনি বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আশাবাদ ব্যক্ত করে বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একদিন শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নেবে।
তিনি বলেন, “জাতিকে যোগ্য নেতৃত্ব উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে আমি আশাবাদী।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, “‘A Centre of Academic and Moral Excellence’ স্লোগানকে ধারণ করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জাতিকে নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা প্রদানের যে অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তা বাস্তবায়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার মো. মনিরুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মনিরা আহসান এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ হিল গণি।
ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
