রবিবার ২৬, জুলাই ২০২৬

রবিবার ২৬, জুলাই ২০২৬ -- : -- --

ঢাবিতে ‘স্মৃতিতে জুলাই সংগ্রাম, স্বপ্ন ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১১:১০ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ (২৫ জুলাই) হল মিলনায়তনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আয়োজিত ‘স্মৃতিতে জুলাই সংগ্রাম, স্বপ্ন ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে মানুষ দিশেহারা হয়ে পড়েছিলো। এই দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর গণ-অভ্যুত্থান, ’২৪-এর গণ-অভ্যুত্থান-সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে। মহান মুক্তিযুদ্ধ, জুলাইয়ের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ উপলক্ষ্যে গতকাল ২৪ জুলাই ২০২৬ শুক্রবার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ‘শহীদদের কাছে খোলা চিঠি লিখন প্রতিযোগিতা’, ‘দ্রোহের বিপ্লবের জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘ফিরে দেখা জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা এবং ‘আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রক্টর মো. ইসরাফিল প্রাং ও সহকারী প্রক্টর ড. মো. রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হল সংসদের ভিপি রাফিয়া রেহনুমা হৃদি, জিএস নিশিতা জামান নিহা, এজিএস তানজিনা তাম্মিম হাফসা ও শারমিন আক্তার নিম্মি জুলাইয়ের স্মৃতিচারণ করেন। হলের শিক্ষার্থী জ্যোতির্ময়ী সরকার ঊর্মি অনুষ্ঠান সঞ্চালন করেন।

আলোচনা ও পুরস্কার বিতরণী পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরআগে গত ১৭ জুলাই ২০২৬ শুক্রবার রাতে এই হলে মোমবাতি প্রজ্বলন ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। ২০২৪ সালের ১৭ জুলাই এই হলের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল।

আজ (২৫ জুলাই ২০২৬) শনিবার সন্ধ্যা ৭টায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ‘স্মৃতিতে স্মরণে রক্তিম জুলাই’শীর্ষক আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এ উপলক্ষ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের উদ্যোগে আজ ২৫ জুলাই হলের প্রধান ভবনের সামনে জুলাই প্রতিরোধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া, জুলাই প্রতিরোধের স্মারক সংরক্ষণে ফটোফ্রেম উন্মোচন করা হয়। পরে হল অডিটোরিয়ামে আলোচনা সভা, শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও জুলাই প্রতিরোধ সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম ভুইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ উপলক্ষ্যে বিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামীকাল ২৬ জুলাই দুপুর ১২:৩০ টায় অনুষদের কনফারেন্স কক্ষে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ : ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

শামসুন নাহার হলের উদ্যোগে আগামীকাল ২৬ জুলাই সন্ধ্যা ৬টায় গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যা ৭টায় ডকুমেন্টারি প্রদর্শন, ৭:০৫টায় স্মৃতিচারণ, ৭:১৫টায় কবিতা আবৃত্তি, ৭:২৫টায় দলীয় নৃত্য পরিবেশন এবং ৭:৩০টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

Link copied!