রবিবার ২৬, জুলাই ২০২৬

রবিবার ২৬, জুলাই ২০২৬ -- : -- --

উচ্চগতির ইন্টারনেট সংযোগে বদলে যাচ্ছে রাবি ক্যাম্পাস

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৩ এএম

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইন্টারনেট সংযোগ ব্যবস্থার উন্নয়নে ১৩ কোটি ২০ লাখ ৯২ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,প্রকল্পটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত আকারেই অনুমোদন দিয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটি ইউজিসির মাধ্যমে বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় একটি উপ-প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে।

প্রশাসনের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন, আবাসিক হল, ডরমিটরি এবং আবাসিক এলাকাগুলোতে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। এর ফলে শিক্ষা ও গবেষণায় দেশ-বিদেশের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান আরও সহজ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট উন্নয়ন নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে প্রণয়ন ও অনুমোদিত হয়েছে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কোনো ব্যক্তি বা সংগঠনের কৃতিত্ব দাবি করার প্রবণতাকে ‘অনভিপ্রেত’ উল্লেখ করে বলেছে, এ ধরনের প্রকল্প বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের অংশ এবং এগুলোকে কোনো ব্যক্তি বা সংগঠনের অর্জন হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুতগতির ইন্টারনেটসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।

Link copied!