প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৮:৪১ পিএম
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ‘এল সুমারিও’র বরাতে জানা গেছে, নেইমারের দেওয়া এই অর্থ জরুরি উদ্ধার কার্যক্রম, খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি, চিকিৎসাসামগ্রী এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যবহার করা হবে।
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটির মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে নেইমার এই সহায়তা পাঠান। তার এই উদ্যোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন ফুটবলপ্রেমীরা।
এদিকে মাঠের লড়াইয়েও ফিরতে প্রস্তুত হচ্ছেন নেইমার। দীর্ঘদিনের চোট কাটিয়ে জাতীয় দলে ফিরে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।
ক্রীড়াঙ্গনে তারকা পরিচয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও নেইমারের এই উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে।
