সোমবার ২৯, জুন ২০২৬

সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ, মিলবে আকর্ষণীয় ফেলোশিপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০১:২৮ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ফেলোশিপ সুবিধাসহ এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৮ জুন ২০২৬ এবং আবেদন করা যাবে ২৯ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদনপত্র ডাউনলোড করে ১ আগস্ট ২০২৬-এর মধ্যে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। গবেষণার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশবিষয়ক বিষয়সমূহকে অগ্রাধিকার দেওয়া হবে।

এমফিলে আবেদনের যোগ্যতা

এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। সনাতনী পদ্ধতিতে হলে প্রতিটি পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। অনার্স ও মাস্টার্সে পৃথকভাবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৩.০০ থাকতে হবে। সনাতনী পদ্ধতিতে উভয় পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি শিক্ষাজীবনের ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে। আবেদনপত্রের সঙ্গে গবেষণা প্রস্তাবনার (Research Proposal) সারসংক্ষেপ আপলোড করতে হবে। অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত অবস্থায় এই প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে না। আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য দিলে ভর্তি বাতিল করা হবে।

পিএইচডিতে আবেদনের যোগ্যতা

  • এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা সনাতনী পদ্ধতিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
  • অনার্স ও মাস্টার্সে পৃথকভাবে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। সনাতনী পদ্ধতিতে প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর প্রয়োজন।
  • স্বীকৃত বা Refereed Journal-এ অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে, যার অন্তত একটিতে আবেদনকারী First Author হতে হবে।
  • বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ে ন্যূনতম তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানে তিন বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অন্যান্য যোগ্যতাও পূরণ করতে হবে।

এমফিল থেকে পিএইচডিতে স্থানান্তরের সুযোগ

এমফিলের প্রথম বর্ষে লিখিত ও মৌখিক পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর (জিপিএ ৩.৫০) এবং গবেষণায় সন্তোষজনক অগ্রগতি থাকলে সুপারভাইজারের সুপারিশের ভিত্তিতে পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরের জন্য আবেদন করা যাবে।

স্থানান্তরের সুযোগ পেলে অতিরিক্ত ৮ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হবে এবং আরও উন্নত গবেষণা প্রস্তাবনা জমা দিতে হবে। পাশাপাশি পিএইচডি থিসিস জমা দেওয়ার আগে স্বীকৃত জার্নালে অন্তত একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে।

প্রোগ্রামের মেয়াদ

এমফিল: এক বছরের কোর্সওয়ার্ক (দুই সেমিস্টার)সহ মোট দুই বছর।
পিএইচডি: মোট চার বছর।

ফেলোশিপ সুবিধা

এমফিলে নির্বাচিত গবেষকদের দুই বছর মাসিক ১৫,০০০ টাকা হারে মোট ৪ কিস্তিতে ফেলোশিপ দেওয়া হবে।
পিএইচডিতে নির্বাচিত গবেষকদের চার বছর মাসিক ২০,০০০ টাকা হারে মোট ৮ কিস্তিতে ফেলোশিপ প্রদান করা হবে।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্টসংখ্যক গবেষক ফেলোশিপ পাবেন। ফেলোশিপপ্রাপ্তদের কোর্স চলাকালে পূর্ণকালীন ছুটিতে থাকতে হবে।

আবেদন করার নিয়ম

আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে Apply Now (MPhil/PhD) অপশনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখসহ সব তথ্য নির্ভুলভাবে দিতে হবে।

এছাড়া এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্সের মার্কশিটের সত্যায়িত কপি এবং গবেষণা প্রস্তাবনার সারসংক্ষেপ স্ক্যান করে আপলোড করতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (১২০×১৫০ পিক্সেল, JPG, সর্বোচ্চ ৫০ কেবি) যুক্ত করতে হবে।

আবেদন সংশোধনের সুযোগ

ফি জমা দেওয়ার আগে প্রয়োজনে আবেদনকারী Applicant Login থেকে OTP-এর মাধ্যমে আবেদন বাতিল বা ছবি পরিবর্তন করে নতুন আবেদন করতে পারবেন। তবে ফি পরিশোধের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। এই সুবিধা কেবল একবার পাওয়া যাবে।

ফি পরিশোধ ও আবেদনপত্র ডাউনলোড

আবেদন সম্পন্ন করার পর পে-স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইন গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি জমা হওয়ার পর SMS-এর মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। এরপর রোল নম্বর ও পিন ব্যবহার করে আবেদনপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, ডাউনলোড করা আবেদনপত্র ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন প্রক্রিয়া সংক্ষেপে

ধাপ ১: অনলাইনে আবেদনপত্র পূরণ করুন।

ধাপ ২: পে-স্লিপ ডাউনলোড করুন অথবা অনলাইন গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করুন।

ধাপ ৩: ফি জমা নিশ্চিত হওয়ার পর Application Login থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট সংরক্ষণ করুন।

Link copied!