মঙ্গলবার ২৩, জুন ২০২৬

মঙ্গলবার ২৩, জুন ২০২৬ -- : -- --

জকসুর উদ্যোগে সুপেয় ও ঠান্ডা পানির দীর্ঘদিনের দাবি পূরণ

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল  নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল -এর ছাত্রীদের দীর্ঘদিনের সুপেয় ও ঠান্ডা পানির দাবি পূরণ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২:০০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে, হল সংসদ ও হল প্রশাসনের কাছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে।​

সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের প্রবেশদ্বারে ফিল্টারটি স্থাপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন হলের সম্মানিত প্রভোস্ট ড. আঞ্জুমান আরা এবং জকসুর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​ফিল্টার হস্তান্তর শেষে জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, "ছাত্রী হলের বোনদের সুপেয় ও ঠান্ডা পানির সমস্যাটি দীর্ঘদিনের ছিল। বিশেষ করে গরমের এই সময়ে তাদের কষ্ট আরও বেড়ে যেত। জকসু সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও মৌলিক চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। বোনদের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও জকসু শিক্ষার্থীদের পাশে থাকবে।"

​সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ তার মন্তব্যে বলেন, "শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে জকসু সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। হল সংসদ ও হল প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা আজ এই উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির ফিল্টারটি হস্তান্তর করেছি। আশা করি, এর মাধ্যমে ছাত্রীদের পানির কষ্ট অনেকটাই দূর হবে। হলের সার্বিক উন্নয়নে আমাদের এই ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।"

​সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসন ও অন্যান্য সমস্যাগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছি। ছাত্রী হলের এই পানির ফিল্টার স্থাপনের দাবিটি আমাদের অগ্রাধিকার তালিকায় ছিল। আজ দুপুর ২টায় আমরা এটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সাধারণ শিক্ষার্থীদের কল্যাণেই আমাদের এই পথচলা।"

​শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হল প্রভোস্ট ড. আঞ্জুমান আরা বলেন, "ছাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জকসুর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হলের মেয়েদের এই তীব্র গরমে অনেক বড় স্বস্তি দেবে। হল প্রশাসন ও ছাত্র সংসদের এমন যৌথ ও ইতিবাচক কাজের মাধ্যমে হলের পরিবেশ আরও সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। আমি জকসুর নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

​উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ফিল্টারটি স্থাপনের ফলে হলের শত শত আবাসিক ছাত্রী এখন থেকে সহজেই ঠান্ডা ও বিশুদ্ধ পানি পানের সুবিধা পাবেন। জকসুর এমন সময়োপযোগী উদ্যোগে হলের সাধারণ ছাত্রীদের মাঝেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

Link copied!