প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১০:০৩ এএম
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের দক্ষতা বৃদ্ধি এবং মৌখিক উপস্থাপনার সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে ‘ব্রিফ থেকে বেঞ্চ: আন্তর্জাতিক মুটিংয়ের শিল্পকলা বিষয়ক লেক্স সুপ্রিমা কর্মশালা’। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতি (বেলা) যৌথভাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সায়েদা আঞ্জু। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিভাগের অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ। কর্মশালায় আন্তর্জাতিক মুটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত আইনবিদ ও মুটিং-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আয়োজকদের মতে, আন্তর্জাতিক মুটিংয়ে আগ্রহী শিক্ষার্থী এবং নবীন আইনজীবীদের জন্য এ আয়োজন বাস্তব অভিজ্ঞতা অর্জন, মৌখিক অ্যাডভোকেসি দক্ষতা বিকাশ এবং আন্তর্জাতিক আইনচর্চার সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।
কর্মশালার প্রথম অধিবেশনে ‘নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পাওয়া: মৌখিক অ্যাডভোকেসির ভিত্তি’ শীর্ষক সেশনে বক্তব্য দেন তাহসিন বিন জাফর। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত আইনজীবী হিসেবে তিনি কার্যকর মৌখিক উপস্থাপনা, যুক্তি উপস্থাপনের মৌলিক কৌশল এবং আদালতে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
দ্বিতীয় অধিবেশনে ‘আদালতের নিয়ন্ত্রণে দক্ষতা: মৌখিক পর্বের উন্নত কৌশল’ শীর্ষক সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ফাহিম আবরার আবিদ। বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর প্রতিষ্ঠাতা ও ইরাসমুস মুন্ডুস স্কলার হিসেবে তিনি উন্নত পর্যায়ের মৌখিক যুক্তি উপস্থাপন, বেঞ্চের প্রশ্ন মোকাবিলা এবং আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সফলতার জন্য প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে ‘মামলা নির্মাণ: মেমোরিয়াল প্রণয়ন ও আইনি গবেষণার শিল্প’ শীর্ষক তৃতীয় অধিবেশনও পরিচালনা করেন ফাহিম আবরার আবিদ। এ সেশনে তিনি কার্যকর মেমোরিয়াল প্রস্তুত, আইনি গবেষণার পদ্ধতি এবং গবেষণাভিত্তিক যুক্তি নির্মাণের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন।
আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সন্ধি ও রিফা তাসফিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম।
কর্মশালার কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং কো-কনভেনর ছিলেন মমতারিনা তমা।
