প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম
মেহেদী হাসান,রাঙামাটি ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে রবিবার (১৪ জুন) দুপুরে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ মাঠ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আয়োজিত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতৃত্ব দেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু আবরার আলভি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, সাংগঠনিক সম্পাদক আলভি হোসেন হাসানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বলেন, গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের নাটক বা বিভ্রান্তি সৃষ্টি জাতির সঙ্গে প্রতারণার শামিল। যারা এসব ইস্যুকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু আবরার আলভি বলেন, "মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কখনো সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হোসেন হাসান বলেন, নারী নির্যাতন, ধর্ষণ কিংবা সহিংসতার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিচার নিশ্চিত করতে হবে। আমরা যেকোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আছি এবং থাকব।
এসময় নেতাকর্মীরা উল্লিখিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
ছাত্রদল নেতারা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলাতেও এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
