মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৬:৩৬ পিএম
মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের বড়লেখায় নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার সঙ্গে যোগাযোগ করেন সাজু আহমেদ শোভন। নিজেকে সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি ভুক্তভোগীকে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখান। পরে মামলা নিষ্পত্তির আশ্বাস এবং গ্রেফতারের আতঙ্ক সৃষ্টি করে কৌশলে তার কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করেন।
গ্রেফতার হওয়া সাজু আহমেদ শোভনের বাড়ি রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পরে গত ৭ জুন বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে অভিযুক্তকে দেখতে পেয়ে শনাক্ত করেন ভুক্তভোগী। বিষয়টি স্থানীয়দের জানালে তারা তাকে আটক করে বড়লেখা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন, যেখানে তার নামের পাশে ‘ASP’ পদবি উল্লেখ ছিল। তবে যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।
বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় পেনাল কোডের ১৭০/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বিভিন্ন সময়ে ঘটছে। এ ধরনের পরিস্থিতিতে কেউ নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিলে তার পরিচয় সম্পর্কে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।