প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, জাতীয় শিক্ষাক্রমে পরিবর্তন আনার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে পুরো কারিকুলাম পরিবর্তন সম্ভব না হওয়ায় চলতি বছর কিছু বিষয়ে পরিমার্জন আনা হবে। একই সঙ্গে ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ কারিকুলাম সংস্কার সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
শিক্ষামন্ত্রী বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যেই ২০২৭-২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেশনজট কমাতে ২০২৭ সাল থেকে এসএসসি, এইচএসসি এবং অন্যান্য পাবলিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষাখাতে বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, চলতি বাজেটে জিডিপির ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সরকার আশাবাদী বলেও জানান তিনি।
এছাড়া অতীতের বিভিন্ন সময়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির চিত্র ও তথ্য তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তার মতে, শিক্ষা খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
