প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
রাজন হোসেন তৌফিক,মৌলভীবাজার।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরে ঝটিকা মিছিল বের করেছে। তবে মিছিল চলাকালেই পুলিশের ধাওয়ায় ব্যানারসহ দুই কর্মী গ্রেফতার হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, (১ জুন)সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের শমসের নগর সড়কে মিছিলটি বের হয়। আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যায় মিছিলটি। অংশগ্রহণকারীরা শেখ হাসিনার আগমন ও 'জয় বাংলা' স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানারসহ দুজনকে আটক করে।
পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. ফেরদৌসুর রহমান বাপ্পী এবং একই এলাকার সেবুল মিয়ার ছেলে মো. আরমান হোসেন।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। মিছিলে থাকা বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
