শুক্রবার ২৯, মে ২০২৬

শুক্রবার ২৯, মে ২০২৬ -- : -- --

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৭:০৭ পিএম

লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি পাহাড়ি ও বাঁকপূর্ণ রেলপথে চলাচলের সময় হঠাৎ লাইনচ্যুত হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং মালবাহী ট্রেনটি ঘটনাস্থলেই আটকা পড়ে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের চলাচলও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে রাখা হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গলেই আটকে থাকবে।’

লাইনচ্যুত বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Link copied!