সোমবার ১৮, মে ২০২৬

সোমবার ১৮, মে ২০২৬ -- : -- --

দেশীয় উন্নয়ন ও আন্তর্জাতিক অভিজ্ঞতার মেলবন্ধনে নোবিপ্রবির নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:১৬ এএম

নোবিপ্রবির-নতুন-উপাচার্য-গোলাম-রব্বানী

গবেষণা ও উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার প্রত্যয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। তার দীর্ঘ একাডেমিক জীবন, গবেষণার বহুমাত্রিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক শিক্ষা কাঠামোর সঙ্গে সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

ড. গোলাম রব্বানীর গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সম্পন্ন করা তার পিএইচডি গবেষণার বিষয় ছিল, “Chittagong Hill Tracts: Development Strategies and their Impacts on Indigenous Communities”। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান, উন্নয়ন কৌশল এবং তার সামাজিক প্রভাব নিয়ে করা এ গবেষণা তাকে উন্নয়ন ভাবনায় বিশেষ অবস্থানে নিয়ে আসে।

শিক্ষাবিদরা মনে করছেন, উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের সমস্যা সমাধানে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণে তার অভিজ্ঞতা নোবিপ্রবিকে নতুন দিশা দেখাবে। বিশেষ করে টেকসই উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং স্থানীয় বাস্তবতাভিত্তিক গবেষণায় বিশ্ববিদ্যালয়টি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে।

দেশীয় গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তার শক্ত অবস্থান। তিনি সুইডেনের গথেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। সেখানে তার গবেষণার বিষয় ছিল, “Single Mothers with Minor Children in Sweden: A Phenomenological Study”। উন্নত দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ও একক মায়েদের জীবনসংগ্রাম নিয়ে এই গবেষণা তাকে আন্তর্জাতিক গবেষণা পদ্ধতি ও সামাজিক বিশ্লেষণে গভীর দক্ষতা অর্জনে সহায়তা করে।

একাডেমিক জীবনেও তিনি ছিলেন অসাধারণ মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্কলারশিপ লাভ করেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দেশীয় উন্নয়ন ভাবনা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ে ড. গোলাম রব্বানীর নেতৃত্বে নোবিপ্রবি গবেষণা ও উচ্চশিক্ষায় নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক চিন্তাচর্চা ও বৈশ্বিক মানের শিক্ষা পরিবেশ তৈরিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Link copied!