প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১০:০২ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৬ মে) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হ্যাভেন সিটি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অভিযুক্তদের আচরণ নিয়ে তাদের মধ্যে সন্দেহ ছিল। সেই সন্দেহের ভিত্তিতে শনিবার বিকেল থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। পরে রাত আটটার দিকে তিনজনকে আটক করা হয়।
শিক্ষার্থীরা জানান, আটকের পর অভিযুক্তদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয় এবং পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে তাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়া হয়।
অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত নন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তদের স্মার্টফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত ও আবেদনময়ী কথোপকথনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষার্থীদের একটি অংশ অভিযুক্তদের বিচারের দাবিতে স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নওশের ওয়ান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। ইতোমধ্যে থানায় যোগাযোগ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
