প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:২৫ এএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে নিটার ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিক সোসাইটির (এনএফপিএস) ৯ বছর পূর্তি অনুষ্ঠান।
শুক্রবার (১৫ মে, ২০২৬) নিটারের মুক্তমঞ্চে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ক্লাবটির সাবেক ও বর্তমান সদস্যরা। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে আনন্দ, আড্ডা ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন, যা একপর্যায়ে প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।
টি-শার্ট উন্মোচন ও ক্লাব কক্ষ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় মূল পর্ব। এতে বক্তব্য প্রদান, হাড়িভাঙা, বায়োস্কোপ, ঘুড়ি উৎসবসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল উপহার খেলা, গান, নৃত্য ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সদস্যদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এনএফপিএসের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। ক্লাব সদস্যদের সৃজনশীল কাজের এ প্রদর্শনী উপস্থিত দর্শকদের মাঝে বিশেষ আগ্রহ ও প্রশংসা অর্জন করে।
এছাড়া গত এক বছরে বিভিন্ন সময়ে ক্লাবের কার্যক্রমে বিশেষ অবদান রাখা সদস্যদের “স্টার অব দ্য মান্থ” সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে সরবরাহ ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষ সম্মাননাও দেওয়া হয়।
দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত চলতে থাকে, যা পুরো অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তোলে।
আয়োজনে অংশ নেওয়া সদস্যরা জানান, এনএফপিএস শুধু একটি সংগঠন নয়; এটি স্মৃতি, বন্ধুত্ব ও সৃজনশীলতার এক আবেগঘন পরিবার। ৯ বছরের এই পথচলায় গড়ে উঠেছে অসংখ্য গল্প, সম্পর্ক ও অভিজ্ঞতা, যা ভবিষ্যতেও সদস্যদের মাঝে বন্ধনের সেতুবন্ধন হয়ে থাকবে
