জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০১:১১ পিএম
বৃহস্পতিবার ১৪, মে ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ভুয়া সংবাদ ও গুজবের নেতিবাচক প্রভাব মোকাবিলায় তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাইয়ের গুরুত্বকে প্রাধান্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘ফ্যাক্ট চেকিং ওয়ার্কশপ’।
বিশ্ববিদ্যালয়ের ‘মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব’-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মে) পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালাটি সম্পন্ন হয়।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের প্রধান উপদেষ্টা ড. জিল্লুর রহমান পলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা শিকদার, সহকারী অধ্যাপক আবদুল করিম এবং লেকচারার ড. তরিকুল ইসলাম। রবিউল ইসলাম শাকিল ও ফারজানা আঞ্জুম বর্ষার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইনজামুল হক অভি ফকির এবং সভাপতি অন্তর খান।
বক্তারা বর্তমান সময়ের সংবাদ প্রবাহে সঠিকতা বজায় রাখার চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, মূলধারার গণমাধ্যমেও যখন বিভ্রান্তিকর সংবাদ পরিলক্ষিত হচ্ছে, তখন ‘রিউমার স্ক্যানার বাংলাদেশ’ বা ‘দ্য ডিসেন্ট’-এর মতো ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো আস্থার জায়গা তৈরি করে নিয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রিউমার স্ক্যানার বাংলাদেশের ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত। তিনি শিক্ষার্থীদের সংবাদ ও তথ্যের সত্যতা যাচাইয়ের তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল টুলস ব্যবহার করে হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে গুজব শনাক্তকরণ এবং তথ্যের উৎস যাচাইয়ের বৈজ্ঞানিক পদ্ধতিগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়, যা ভবিষ্যৎ সংবাদকর্মীদের পেশাদারিত্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।