প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:২৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। তবে অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে বিভক্তি দেখা দিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করায় ক্ষুব্ধ হয়ে কর্মসূচি বর্জন করেছেন সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ।
বুধবার রাত ১১টার দিকে প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ চলাকালে হঠাৎ করেই আন্দোলনের গতিপথ বদলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা যখন নিরাপত্তার দাবি জানাচ্ছিলেন, ঠিক তখনই বামপন্থী ছাত্র রাজনীতির সাথে যুক্ত একদল শিক্ষার্থী উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করেন। তারা ‘ভিসি-প্রক্টর গদি ছাড়ো’ স্লোগান তুললে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। ৫০তম আবর্তনের এক শিক্ষার্থী বলেন,"আমরা এখানে এসেছি আমাদের বোনের ওপর হওয়া অন্যায়ের বিচার চাইতে এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে। কিন্তু নির্দিষ্ট একটি রাজনৈতিক মহল এই ইস্যুকে ব্যবহার করে পদত্যাগের রাজনীতি শুরু করেছে। আমরা এই অপরাজনীতির অংশ হতে চাই না।"
আন্দোলন থেকে সরে আসা ৫১ ও ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদকে দলীয় ব্যানারে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে এক শিক্ষার্থী বলেন, "আমরা হলের মেয়েদের নিয়ে বিচার চাইতে এসেছিলাম। কিন্তু আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত করে এটিকে রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে, যা আমরা মেনে নেব না।"
সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ মাঠ ত্যাগ করায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে প্রকৃত অপরাধীর বিচার না হওয়া পর্যন্ত এই ঘটনার ওপর নজর রাখবেন।
গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল ও আল-বেরুনী হলের মধ্যবর্তী নির্জন এলাকায় এক বহিরাগত যুবক এক ছাত্রীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বুধবার রাতে প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় শিক্ষার্থীরা।
